Client Acquisition Courses

কোল্ড ইমেইল কী, আর ফ্রিল্যান্সারদের কেন এটা শেখা দরকার

কোল্ড ইমেইল কী এবং ফ্রিল্যান্সারদের জন্য কেন দরকার

সংক্ষেপে উত্তর: কোল্ড ইমেইল মানে এমন কাউকে ইমেইল পাঠানো, যার সাথে আপনার আগে কোনো পরিচয় নেই, কিন্তু আপনার সার্ভিস তার কাজে লাগতে পারে। স্প্যামের সাথে এর বড় পার্থক্য হলো, ভালো কোল্ড ইমেইল একজন নির্দিষ্ট মানুষের জন্য লেখা হয়, তার কোনো একটা সমস্যার কথা বলে, আর ছোট একটা প্রশ্ন দিয়ে শেষ হয়। মার্কেটপ্লেসের বাইরে নিজের ক্লায়েন্ট পেতে চাইলে এটা ফ্রিল্যান্সারদের সবচেয়ে কাজের স্কিলগুলোর একটা।

কোল্ড ইমেইল আসলে কী

ধরুন আপনি ওয়েবসাইট ডিজাইন করেন। আমেরিকার একটা ডেন্টাল ক্লিনিকের ওয়েবসাইট দেখলেন, মোবাইলে খুলতে অনেক সময় নেয়, বুকিং বাটন খুঁজে পাওয়া যায় না। আপনি ক্লিনিকের মালিককে তিন চার লাইনের একটা ইমেইল লিখলেন: কী সমস্যা দেখলেন, ঠিক করলে তার কী লাভ, আর জানতে চাইলেন আরও শুনতে চান কিনা। এটাই কোল্ড ইমেইল।

এখানে “কোল্ড” মানে শুধু এটুকু যে আপনাদের মধ্যে আগে কোনো যোগাযোগ ছিল না। কাজটা ঠান্ডা মাথায়, ভেবেচিন্তে করতে হয়।

ফ্রিল্যান্সারদের কেন এটা শেখা দরকার

Upwork বা Fiverr এ একটা কাজের পোস্টে অনেক সময় পঞ্চাশটার বেশি প্রপোজাল পড়ে। সবাই একই ক্লায়েন্টের পেছনে দৌড়ায়। কোল্ড ইমেইলে খেলাটা উল্টো:

  • আপনি নিজে ঠিক করেন কার সাথে কাজ করতে চান
  • ক্লায়েন্ট কোনো জব পোস্ট না করলেও আপনি তার কাছে পৌঁছাতে পারেন
  • মার্কেটপ্লেসের কমিশন দিতে হয় না
  • একবার সিস্টেম দাঁড়িয়ে গেলে প্রতি সপ্তাহে নিয়মিত নতুন কথোপকথন শুরু হয়

তবে এটা রাতারাতি ফল দেয় না। প্রথম কয়েক সপ্তাহ অনেক ইমেইলের উত্তর আসবে না। এটা স্বাভাবিক।

কোল্ড ইমেইল আর স্প্যামের পার্থক্য

ভালো কোল্ড ইমেইলস্প্যাম
একজন নির্দিষ্ট মানুষকে লেখাহাজার জনকে একই লেখা
তার ব্যবসার কোনো আসল সমস্যার কথাশুধু নিজের প্রশংসা
ছোট, সহজ, তিন থেকে ছয় লাইনলম্বা, লিংক আর ছবিতে ভরা
না বলার সুযোগ রাখেচাপ দেয়, বারবার একই কথা

শুরু করতে কী কী লাগে

  1. একটা পরিষ্কার অফার। আপনি কী করেন, কার জন্য করেন, আর তাতে তার কী লাভ।
  2. একটা আলাদা ডোমেইন আর ইমেইল অ্যাকাউন্ট, যাতে মূল ডোমেইনের সুনাম ঝুঁকিতে না পড়ে।
  3. সঠিক মানুষের লিস্ট, যারা আসলেই আপনার সার্ভিস কিনতে পারে।
  4. ছোট, পার্সোনাল ইমেইল, আর তিন চারটা ভদ্র ফলো আপ।
  5. ধৈর্য। প্রতিদিন অল্প অল্প করে পাঠানো, আর কী কাজ করছে সেটা লিখে রাখা।

এই সিরিজে প্রতিটা ধাপ আলাদা করে দেখাবো: ডোমেইন সেটআপ থেকে শুরু করে লিড খোঁজা, ইমেইল লেখা, রিপ্লাই সামলানো, আর ক্লায়েন্টকে কল পর্যন্ত নিয়ে আসা।

একটা ছোট উদাহরণ

Subject: quick question about your booking page
Hi Dr. Lee, I tried booking a cleaning on your site from my phone and the button was hidden below three screens of text. I fix this kind of thing for dental clinics. Want me to send a two minute video showing what I would change?

ইমেইলটা ইংরেজিতে, কারণ ক্লায়েন্ট বিদেশি। খেয়াল করুন: কোনো লম্বা পরিচয় নেই, নিজের দশটা স্কিলের লিস্ট নেই। একটা সমস্যা, একটা প্রস্তাব, একটা সহজ প্রশ্ন।

প্রায়ই যে প্রশ্নগুলো আসে

কোল্ড ইমেইল কি বেআইনি?

না, বেশিরভাগ দেশে ব্যবসায়িক কোল্ড ইমেইল বৈধ, যদি আপনি সঠিক পরিচয় দেন, মিথ্যা কথা না বলেন, আর কেউ না চাইলে আর ইমেইল না পাঠান। দেশভেদে নিয়ম আলাদা, তাই পরের লেখায় এটা বিস্তারিত বলবো।

নতুন ফ্রিল্যান্সার কি কোল্ড ইমেইল করতে পারে?

পারে। পোর্টফোলিও ছোট হলে ফ্রি অডিট বা ছোট একটা ভিডিও রিভিউ দিয়ে শুরু করা যায়, যাতে ক্লায়েন্ট আপনার কাজ দেখতে পায়।

দিনে কয়টা ইমেইল পাঠাবো?

নতুন ইমেইল অ্যাকাউন্ট থেকে শুরুতে খুব কম, তারপর ধীরে ধীরে বাড়াতে হয়। এটা নিয়ে আলাদা একটা লেখা আছে এই সিরিজে।

ইংরেজি খুব ভালো না হলে কী হবে?

কোল্ড ইমেইলে কঠিন ইংরেজি লাগে না। ছোট, সহজ বাক্য বরং ভালো কাজ করে।

পরের ধাপ

কোল্ড ইমেইল দিয়ে নিয়মিত ক্লায়েন্ট আনার পুরো পদ্ধতি ধাপে ধাপে শিখতে চাইলে আমার Cold Email Outreach কোর্সটা দেখুন। আর প্রশ্ন থাকলে লাইভ সেশনে সরাসরি জিজ্ঞেস করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Client Acquisition Program